চালু হয়ে যাওয়ার পর · ৩ মিনিটের পড়া
ড্যাশবোর্ডের সংখ্যাগুলো আসলে কী বলছে
উপরের চারটে ঘরে কী দেখানো হয়, কোনটা নিয়ে চিন্তা করবেন, আর কোনটা নিয়ে করবেন না।
ঢোকার পর প্রথম যে পাতাটা আসে, তার উপরে চারটে ঘর থাকে। প্রতিটি একটা করে প্রশ্নের উত্তর দেয় — কিন্তু কোন প্রশ্নের, সেটা জানা না থাকলে সংখ্যাগুলো শুধু সংখ্যাই থেকে যায়।
আজকের বিক্রি
আজ যত টাকার বিল হয়েছে। নগদ আর বাকি — দুটোই এর মধ্যে ধরা। এটাই সবচেয়ে বেশি ভুল বোঝা সংখ্যা: এটা আজ ড্রয়ারে কত টাকা এল, তা নয়। কেউ যদি ৫,০০০ টাকার মাল বাকিতে নিয়ে যান, এখানে ৫,০০০ যোগ হবে, অথচ হাতে একটা পয়সাও আসেনি।
ড্রয়ারে সত্যি কত এল তা দেখতে দিন শেষের স্ক্রিনে যেতে হবে।
নিচে ছোট করে লেখা থাকে আজ কয়টা বিল হয়েছে। এই দুটো একসঙ্গে পড়লে গড় বিলের অঙ্ক বোঝা যায় — আর সেটাই বলে দেয় দিনটা "কম মানুষ এসেছিল" নাকি "মানুষ এসেছিল, কিন্তু কম কিনেছেন"।
আজকের মোট লাভ
বিক্রির দাম বাদ কেনা দাম। এই ঘরটা তখনই সত্যি বলে, যখন পণ্যে কেনা দাম বসানো আছে। যেসব পণ্যে কেনা দাম খালি, সিস্টেম সেগুলোর কেনা দাম শূন্য ধরে — মানে পুরো বিক্রিটাই লাভ হিসেবে দেখাবে। সংখ্যাটা অস্বাভাবিক বড় মনে হলে প্রথমেই ওটা দেখুন।
মনে রাখবেন, এটা মোট লাভ — দোকান ভাড়া, বিদ্যুৎ, কর্মীর বেতন এর মধ্যে ধরা নেই। ওগুলো বাদ দিলে যা থাকে, সেটাই আসল লাভ, আর সেটা দেখতে হয় মাসের রিপোর্টে।
ক্রেতার বাকি
এই মুহূর্তে সব ক্রেতার কাছে মোট কত পাওনা। এটা আজকের সংখ্যা নয় — যতদিনের বাকি জমেছে, সব এখানে।
সংখ্যাটা বড় দেখে ঘাবড়াবেন না। গুরুত্বপূর্ণ হলো এটা বাড়ছে না কমছে, আর তার ভেতরে কতটা পুরনো। সেটা দেখতে ঘরটায় চাপ দিলেই বাকির খাতায় চলে যাবেন।
কম স্টক
যেসব পণ্য তাদের নিজের সতর্কসীমার নিচে নেমে গেছে, তার সংখ্যা। সীমাটা আপনি নিজে বসান — না বসালে এই ঘরটা কখনও কিছু দেখাবে না, আর তাক খালি হওয়ার খবর পাবেন ক্রেতার মুখে।
শুরু করার সহজ নিয়ম: যে পণ্য আনতে তিন দিন লাগে, তার সীমা রাখুন তিন দিনের বিক্রির সমান।
কোনটা রোজ দেখবেন
রোজ দেখার মতো আসলে দুটো — কম স্টক আর বাকি। দুটোই এমন জিনিস যা রোজ না দেখলে জমে যায়, আর জমে গেলে ঠিক করা কঠিন। বিক্রি আর লাভ রোজ দেখলে দিনের ওঠানামায় মন খারাপ হয় বেশি, কাজ হয় কম — ওগুলো সপ্তাহে একবার দেখাই যথেষ্ট।
এই স্ক্রিনটা সব অ্যাপ্লিকেশনে একইভাবে চলে, তাই গাইডটা সবার জন্য একবারই লেখা।
আসল কাজে নামার আগে দেখে নিন
মাসের পর মাসের বেচাকেনা ভরা একটা ডেমো ওয়ার্কস্পেস খুলুন আর ধাপগুলো ওখানেই করে দেখুন। ওখানে যা করবেন, নিজের দোকানে তার কিছুই লাগবে না।
ডেমো খুলুন